মগনামায় চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে যুবদলনেতা নুরুল ইসলাম
রেজাউল করিম, পেকুয়া
আসন্ন মগনামা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন নুরুল ইসলাম।
নুরুল ইসলাম ছাত্রদলের হাত ধরেই রাজনীতিতে সক্রিয় হন৷ তিনি প্রথমে মগনামা ছাত্রদলের যুগ্ম আহবায়ক, এরপর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক, উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক, মগনামা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক, উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। সর্বশেষ পেকুয়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এবং মগনামা ইউনিয়ন যুবদলের আহবায়কের দায়িত্বে আছেন।
রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি দীর্ঘদিন ধরে সামাজিক ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় থাকার কারণে মগনামা ইউনিয়নের সাধারণ মানুষের কাছে পরিচিতি পেয়েছেন তিনি। স্থানীয়দের অনেকেই মনে করছেন, মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ এবং বিভিন্ন দুর্যোগ ও সংকটের সময়ে পাশে থাকার কারণে চেয়ারম্যান পদে নুরুল ইসলামের প্রার্থিতা নিয়ে এলাকায় আগ্রহ তৈরি হয়েছে।
মগনামা ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে দীর্ঘদিন ধরে যোগাযোগ রেখে আসছেন নুরুল ইসলাম। এলাকার রাস্তা-ঘাট, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা, নাগরিক সুবিধা ও সামাজিক বিভিন্ন সমস্যার বিষয়ে তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলে আসছেন। পাশাপাশি বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডেও অংশ নিচ্ছেন তিনি।
সম্প্রতি ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে মগনামা ইউনিয়নের বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়লে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান নুরুল ইসলাম। তিনি বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন এবং সংকটের সময়ে তাদের পাশে থাকার চেষ্টা করেন। এ ঘটনাও স্থানীয় পর্যায়ে তার কর্মকাণ্ড নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।
স্থানীয় বাসিন্দাদের কয়েকজন জানান, নুরুল ইসলাম দীর্ঘদিন ধরে মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করে আসছেন। বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তার অংশগ্রহণ রয়েছে। এলাকার অবহেলিত সড়ক, মসজিদ-মাদ্রাসাসহ বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগেও তিনি সম্পৃক্ত ছিলেন বলে জানান তারা।
চেয়ারম্যান নির্বাচিত হলে মগনামা ইউনিয়নকে একটি আধুনিক, পরিচ্ছন্ন, জনবান্ধব ও সমৃদ্ধ ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেছেন নুরুল ইসলাম। তার পরিকল্পনার মধ্যে রয়েছে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, রাস্তাঘাট সংস্কার ও উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার প্রসার, নাগরিক সুবিধা বৃদ্ধি, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন।
এছাড়া যুবসমাজকে উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধ এবং জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্ব দিতে চান তিনি।
নুরুল ইসলাম বলেন, “দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে কাজ করেছি। যতটুকু সম্ভব, নিজের সাধ্য অনুযায়ী মগনামা ইউনিয়নের মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। সুযোগ পেলে দল-মত ও ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে সবাইকে সঙ্গে নিয়ে মগনামা ইউনিয়নের উন্নয়নে কাজ করতে চাই। একটি সুন্দর, আধুনিক ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন গড়াই আমার লক্ষ্য।”
তিনি আরও বলেন, মগনামা ইউনিয়নের অবহেলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা ও যোগাযোগব্যবস্থার উন্নয়নের মাধ্যমে ইউনিয়নবাসীর নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

মতামত